'জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এগোবে বাংলাদেশের পররাষ্ট্রনীতি'
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দেশের পররাষ্ট্রনীতি নির্ধারণে জাতীয় স্বার্থই হবে প্রধান বিবেচ্য বিষয়।
কোনো একটি দেশের ওপর অতিনির্ভরশীলতা নয়, বরং সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সমমর্যাদাভিত্তিক সম্পর্ক গড়ে তোলাই হবে সরকারের লক্ষ্য।
শুক্রবার দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ছিল তার প্রথম নিজ এলাকায় সফর।
তিনি জানান, বিভিন্ন দেশের সঙ্গে স্থগিত থাকা ভিসা প্রক্রিয়া পুনরায় চালু করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। ভিসা জটিলতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। বর্তমান সরকারের লক্ষ্য দেশের মর্যাদা অক্ষুণ্ণ রেখে আন্তর্জাতিক অঙ্গনে স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা।
এ সময় তিনি বলেন, নগরকান্দা ও সালথা উপজেলাসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের অবকাঠামো উন্নয়ন এবং নারী শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
সকালে ঢাকা থেকে রওনা হয়ে নগরকান্দায় পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি তার পিতা, বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান-এর কবর জিয়ারত করেন।
উল্লেখ্য, ফরিদপুর আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন শামা ওবায়েদ ইসলাম। নিজ এলাকায় পৌঁছালে দলীয় নেতা-কর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
১২০ বার পড়া হয়েছে