বহুমাত্রিক হাসিবুর রেজা কল্লোল নিযুক্ত হলেন চ্যানেল নাইন-এর নতুন সিইও
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশী স্বনামখ্যাত চলচ্চিত্র পরিচালক, সংবাদজগতের অতি পরিচিত মুখ ও প্রযোজক হাসিবুর রেজা কল্লোল সম্প্রতি টেলিভিশন চ্যানেল চ্যানেল নাইন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
বহুমাত্রিক কল্লোলের নতুন এই যোগদানে সাফল্য কামনা করে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘এইমাত্র’সহ বিভিন্ন মহল। তার আগামীর পথচলা আরও উজ্বল ও গৌরবময় হোক এই শুভ কামনাও জানানো হয়েছে।
যশোরের এই কৃতিসন্তান সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
চলচ্চিত্র জগতে তিনি অতিপরিচিত তার পরিচালিত ‘সত্তা’ চলচ্চিত্রের জন্য, যেখানে অভিনয় করেছেন শাকিব খান ও ভারতীয় অভিনেত্রী পাওলি দাম। এছাড়া টেলিভিশন নাটক ও নাটকের চিত্রনাট্য, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণসহ সংবাদমাধ্যমেও সক্রিয় তিনি।
কল্লোল আলোকচিত্রী হিসেবে কর্মজীবন শুরু করে আজকের কাগজ, প্রথম আলো, একুশে টেলিভিশন, বাংলাভিশন ও বৈশাখী টেলিভিশনে সংবাদ প্রযোজক হিসেবে অত্যন্ত সাফল্যের সঙ্গে দায়িত্বপালন করেছেন।
এর আগে তিনি বাংলাদেশী টিভি চ্যানেল জিটিভি ও শীর্ষস্থানীয় সংবাদপত্র ডেইলি স্টার-এ গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি জাতীয় দৈনিক নয়া শতাব্দী পত্রিকার সম্পাদক হিসেবেও সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত, স্ত্রী জেসমিন আখতার বিথী দম্পতির দুই সন্তান— সত্তা রেজা ও শিল্প রেজা।
১৫৯ বার পড়া হয়েছে