ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন যাত্রা: প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। একই দিনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বঙ্গভবনের পরিবর্তে এবার খোলা পরিসরে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা ছিল ব্যতিক্রমী আয়োজন।
শপথগ্রহণ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিসহ দেশি-বিদেশি বিপুল সংখ্যক অতিথি উপস্থিত ছিলেন। এর আগে সকালে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী, ঘোষিত ২৯৭টি আসনের মধ্যে বিএনপি পেয়েছে ২০৯টি আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়লাভ করেছে ৬৮টি আসনে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে বিজয়ী হয়েছেন।
আদালতের নির্দেশনার কারণে দুটি আসনের ফলাফল ঘোষণা স্থগিত রয়েছে। পাশাপাশি একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে একটি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়নি।
১২৮ বার পড়া হয়েছে