সিরাজগঞ্জে উৎসবের আমেজ: মন্ত্রী ও প্রতিমন্ত্রী হচ্ছেন টুকু-মুহিত
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জ জেলায় একসঙ্গে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদে দুজন জনপ্রতিনিধির অন্তর্ভুক্তির খবরে আনন্দের জোয়ার বইছে।
জেলার দুই আসন থেকে নির্বাচিত বিএনপির দুই সংসদ সদস্য শপথ নিতে যাচ্ছেন-এমন ঘোষণার পর থেকেই দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
সিরাজগঞ্জ-২ (কামারখন্দ–সিরাজগঞ্জ সদর) আসনের নবনির্বাচিত এমপি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। অপরদিকে, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের এমপি ড. এম এ মুহিত ডাক, টেলিযোগাযোগ এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন। মামা–ভাগ্নে এই দুই নেতার একসঙ্গে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি জেলায় নতুন ইতিহাস সৃষ্টি করেছে।
টুকুর ব্যক্তিগত সহকারী মোস্তফা আলাল নোমান জানান, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গভবনে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
ইকবাল হাসান মাহমুদ টুকু এ নিয়ে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে ২০০১ সালে জোট সরকারের আমলে তিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ নির্বাচনে তিনি ১ লাখ ৭৭ হাজার ৫৭৮ ভোট পেয়ে বিজয়ী হন।
অন্যদিকে, সাবেক উপ-প্রধানমন্ত্রী ও খ্যাতনামা চক্ষু বিশেষজ্ঞ ডা. এম এ মতিন-এর পুত্র ড. এম এ মুহিত শাহজাদপুর আসন থেকে দ্বিতীয়বার প্রার্থী হয়ে এবার প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫০৮ ভোট।
সিরাজগঞ্জের ইতিহাসে প্রথমবারের মতো একই জেলার দুজন প্রতিনিধি একসঙ্গে মন্ত্রীসভায় স্থান পাওয়ায় স্থানীয় পর্যায়ে আনন্দ-উদ্দীপনা বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা ছড়িয়ে পড়েছে।
এদিকে, সিরাজগঞ্জ-৫ আসনের এমপি আমিরুল ইসলাম খান আলীম শুভেচ্ছা জানিয়ে বলেন, বিএনপির চেয়ারপারসনের নির্দেশনা ও দলের নীতির ধারাবাহিকতায় সিরাজগঞ্জ আবারও বিশেষ গুরুত্ব পেয়েছে। তিনি আশা প্রকাশ করেন, টুকু ও মুহিত নিজ নিজ মন্ত্রণালয়ে দক্ষতার পরিচয় দিয়ে জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
১৮১ বার পড়া হয়েছে