কুষ্টিয়ার দৌলতপুরে গুলিবিদ্ধ ১, পূর্ব শত্রুতার অভিযোগ
সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীদের গুলিতে আনিসুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার দুপুরে উপজেলার সাদিপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত আনিসুর রহমান একই গ্রামের মজিবর রহমানের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুরে আনিসুর রহমান এলাকায় অবস্থান করছিলেন। এ সময় পূর্ব বিরোধের জেরে সিহাবের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। হামলার একপর্যায়ে গুলি ছোড়া হলে তিনি পায়ে গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সঙ্গে জড়িত হিসেবে চরসাদিপুর এলাকার মৃত তৈয়বুদ্দি প্রামানিকের ছেলে সিহাব হোসেন এবং ময়জুদ্দিন দফাদারের ছেলে রিন্টুর নাম উল্লেখ করেছেন প্রত্যক্ষদর্শীরা। তবে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
১৬২ বার পড়া হয়েছে