শেরপুরে দরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ
সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শেরপুরে দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে ইফতার ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেনেবিলিটি (ডপস্)-এর আয়োজনে সোমবার, ১৬ ফেব্রুয়ারি, সদর উপজেলার ঘোরজান গ্রামের একটি চাতাল খালায় এই কার্যক্রম সম্পন্ন হয়।
এই মানবিক উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলার ঘোরজান, চৈতাজনী, ঘোনাপাড়া, বানিয়াপাড়া, শৈলারপাড়া, গড়জরিপা, জোলগাঁও, বাজিতখিলা এবং ঘাগড়া মারুয়া পাড়া গ্রামের মোট ২৩৬টি অসচ্ছল পরিবার উপকৃত হয়।
ডপস্-এর সভাপতি সার্জেন্ট শহিদুর রহমান, সাধারণ সম্পাদক রাবেয়া সুলতানা, চিকিৎসক ডা. সুজন এবং শিক্ষক রবিউল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। কার্যক্রমটি একটি নাম প্রকাশে অনিচ্ছুক হৃদয়বান ব্যক্তির সহযোগিতায় বাস্তবায়িত হয়।
ডপস্-এর প্রতিষ্ঠাতা শাহীন মিয়া, বিএসপি বলেন, 'পবিত্র রমজানের আগ মুহূর্তে অসহায় মানুষের হাতে ইফতার ও খাদ্যসামগ্রী তুলে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই মহতী উদ্যোগে যিনি সহযোগিতা করেছেন, তার প্রতি আমরা কৃতজ্ঞ। প্রান্তিক জনপদের সহজ-সরল ও ধর্মপ্রাণ মানুষের কথা বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।'
বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল তুলিমালা চাল, আলু, পেঁয়াজ, সয়াবিন তেল, লবণ, চিনি, খেজুর, মুড়ি, মসুর ডাল এবং ছোলা বুট।
ডপস্-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও দরিদ্র ও অসচ্ছল মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
১২৪ বার পড়া হয়েছে