মোংলায় মৎস্য ঘের দখল ঠেকাতে গিয়ে হামলায় গুরুতর আহত বাবা-ছেলে
শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নে ১৮ বিঘার একটি মৎস্য ঘের দখলচেষ্টাকে কেন্দ্র করে ঘের মালিক ও তার স্কুলপড়ুয়া ছেলেকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাদুরপাল্টা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—মতি শেখ ও তার ১০ বছর বয়সী ছেলে মেশকাত। গুরুতর অবস্থায় তাদের প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের দাবি, মতি শেখের মালিকানাধীন ১৮ বিঘার মৎস্য ঘেরটি দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা করে আসছিল রিয়াজ শেখ, রাহাত হাওলাদার, মারুফ সরদার, শামিম হাওলাদার, বাসের শেখ, সেলিম হাওলাদার, আউয়াল সরদার ও সবুজসহ কয়েকজন। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র নিয়ে মতি শেখের ওপর অতর্কিত হামলা চালায় এবং ঘেরটি দখলের চেষ্টা করে।
এ সময় বাবাকে রক্ষা করতে এগিয়ে এলে মেশকাতকেও মারধর করা হয়। হামলাকারীরা বাবা-ছেলেকে গুরুতর আহত অবস্থায় ঘেরের পাড়ে ও পানির কাছে ফেলে রেখে যায় বলে অভিযোগ। তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মৌসুমী ইয়াসমিন জানান, বিকেলে মারামারির ঘটনায় দুইজন আহত হয়ে হাসপাতালে আসেন। তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
ঘটনার পরপরই বিষয়টি মোংলা থানা পুলিশ ও নবনির্বাচিত সংসদ সদস্যকে জানানো হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১৪০ বার পড়া হয়েছে