রাজশাহীতে মসজিদে যাওয়ার পথে গুলিতে মুসল্লি নিহত
শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীতে মসজিদে নামাজ আদায় করতে যাওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে মোস্তফা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর মতিহার থানার খোঁজাপুর গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোস্তফা নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ডাঁশমারী এলাকার তইমুর উদ্দিনের ছেলে। তিনি পেশায় একটি ময়দার মিলের কর্মচারী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে মোস্তফা বাসা থেকে মসজিদের উদ্দেশে বের হন। পথিমধ্যে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ জলিল জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মোস্তফার ডান পায়ে গুলির চিহ্ন রয়েছে এবং মাথায় আঘাত পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
রাজশাহী মহানগর পুলিশ-এর মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত নিহতের কোনো রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি।
১২০ বার পড়া হয়েছে