ফরিদপুরে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ২০
শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরে আধিপত্য বিস্তার ও নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে বোয়ালমারী ও সালথা উপজেলার বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকাল থেকে শুরু হওয়া এ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মান্নান মাতুব্বরের সমর্থক এবং সালথা উপজেলার খারদিয়া গ্রামের টুলু মিয়া ও জিহাদ মিয়ার অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও ভোটকেন্দ্রিক বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বোয়ালমারীর ময়েনদিয়া বাজার এলাকায় দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের হামলায় কয়েকটি বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি দ্রুত অবনতি হলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সহকারী পুলিশ সুপার (সালথা-নগরকান্দা সার্কেল) মাহমুদুল হাসান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে কয়েকজনকে আটক করা হয়েছে এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
১১৬ বার পড়া হয়েছে