চারটি আসনেই ‘হ্যাঁ’ ভোটের জয়, বাতিল ১ লাখ ৪ হাজারের বেশি ব্যালট
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৩০ অপরাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর জেলার চারটি আসনেই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে স্পষ্ট সমর্থন মিলেছে। প্রাথমিক বেসরকারি ফলাফলে দেখা গেছে, প্রতিটি আসনেই ‘হ্যাঁ’ ভোট ‘না’ ভোটের তুলনায় উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে।
সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে জেলার বিভিন্ন কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনভর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক গণনা সম্পন্ন করে রাতে প্রাথমিক ফল ঘোষণা করা হয়। চারটি আসনের কোথাও ভোটগ্রহণ স্থগিত হয়নি। সব কেন্দ্রের ফলাফল ‘কিউমুলেটিভ’ পদ্ধতিতে একত্র করে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়।
জেলায় চারটি আসনে মোট ভোটার রয়েছেন ১৭ লাখ ৭১ হাজার ৯৪৯ জন। তবে চারটি আসন মিলিয়ে বাতিল হয়েছে ১ লাখ ৪ হাজার ৪২৬টি ব্যালট, যা রেকর্ডসংখ্যক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভোটারদের সচেতনতার অভাবে ‘হ্যাঁ-না’ ভোটের বিপুলসংখ্যক ব্যালট বাতিল হয়েছে বলে ধারণা সচেতন মহলের।
আসনভিত্তিক ফলাফল
ফরিদপুর-১ (বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা)
মোট ভোটার: ৫ লাখ ১০ হাজার ৫৪০
‘হ্যাঁ’ ভোট: ১ লাখ ৮৫ হাজার ৪২৩
‘না’ ভোট: ১ লাখ ১২ হাজার ৮০৩
মোট বৈধ ভোট: ২ লাখ ৯৮ হাজার ২২৬
বাতিল ভোট: ২৭ হাজারের বেশি
ফরিদপুর-২ (নগরকান্দা, সালথা)
মোট ভোটার: ৩ লাখ ৩২ হাজার ৪১
‘হ্যাঁ’ ভোট: ১ লাখ ২৫ হাজার ৩৪
‘না’ ভোট: ৬৭ হাজার ৮
মোট বৈধ ভোট: ১ লাখ ৯২ হাজার ৪২
বাতিল ভোট: ২৬ হাজারের বেশি
ফরিদপুর-৩ (সদর)
মোট ভোটার: ৪ লাখ ৩২ হাজার ৬২১
‘হ্যাঁ’ ভোট: ১ লাখ ৭৯ হাজার ৫০
‘না’ ভোট: ৮০ হাজার ৫৩৭
মোট বৈধ ভোট: ২ লাখ ৫৯ হাজার ৫৮৭
বাতিল ভোট: ২৪ হাজার ৫৭২
ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন)
মোট ভোটার: ৪ লাখ ৯৬ হাজার ৭০৬
‘হ্যাঁ’ ভোট: ১ লাখ ৪৩ হাজার ১০২
‘না’ ভোট: ১ লাখ ১১ হাজার ৯০
মোট বৈধ ভোট: ২ লাখ ৫৪ হাজার ১৯২
বাতিল ভোট: ২৬ হাজার ৮৫৪
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এগুলো প্রাথমিক বেসরকারি ফলাফল। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত ফল গেজেট আকারে প্রকাশ করা হবে।
ভোটগ্রহণকে কেন্দ্র করে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। তুচ্ছ দু-একটি ঘটনা ছাড়া বড় ধরনের কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। রাতে ফল ঘোষণার পর বিভিন্ন এলাকায় সমর্থকদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। এখন আনুষ্ঠানিক চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় রয়েছেন ফরিদপুরবাসী ও সংশ্লিষ্ট রাজনৈতিক মহল।
১৩৯ বার পড়া হয়েছে