ভোট পুনর্গণনার দাবি জানিয়ে কুড়িগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ তুলে ফলাফল পুনর্গণনার দাবি জানিয়েছেন কুড়িগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ। শুক্রবার রাত ১০টায় শহরের হাসপাতাল পাড়ায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, অনেক কেন্দ্রে পোলিং এজেন্টদের স্বাক্ষর ছাড়াই ফলাফলের রেজাল্টশিট জমা দেওয়া হয়েছে। কিছু কেন্দ্রে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা না করে ব্যালট বাক্স নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এ সময় স্থানীয় জনতা বাধা দিলে সড়কেই ভোট গণনা করা হয় বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, ধানের শীষ প্রতীকের ব্যালটের সঙ্গে শাপলা কলি প্রতীকের ব্যালট মুড়িয়ে গণনায় যুক্ত করা হয়েছে। গণনায় গরমিল ধরা পড়লে স্থানীয়রা প্রতিবাদ জানালে প্রশাসন ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে ব্যালট বাক্স সরিয়ে নেয়।
সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী কথিত ভোট কারচুপির কিছু প্রমাণ উপস্থাপন করেন। তিনি জানান, জেলা রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভোট পুনর্গণনার আবেদন করা হয়েছে।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কুড়িগ্রাম-২ আসনে ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ ১ লাখ ৮০ হাজার ৫২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ ধানের শীষ প্রতীকে পান ১ লাখ ৭১ হাজার ৪০৫ ভোট।
১৫৮ বার পড়া হয়েছে