২ দফা হামলা-পাল্টা হামলায় ২টি বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভোট-পরবর্তী ফলাফলকে কেন্দ্র করে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে দুই দফায় দুটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ও শুক্রবার সকালে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিয়ালীমারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবারের নির্বাচনে ভোটের ফলাফল নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। ফলাফল ঘোষণার পর এক পক্ষের সমর্থকদের উল্লাসকে কেন্দ্র করে অপর পক্ষের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এ সময় ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এবং তা থেকে সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করে।
শুক্রবার সকালে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বাবর আলী ও তার চাচাতো ভাই সাদিকুল ইসলামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে উভয় পক্ষের অন্তত তিন থেকে চারজন আহত হন। আহতদের মধ্যে সাদিকুল ইসলাম, তার ছেলে ইউসুফ আলী ও মেয়ে আদরীর নাম জানা গেছে। তারা চিকিৎসাধীন রয়েছেন।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক বাবর আলী দাবি করেন, দীর্ঘদিন একটি রাজনৈতিক দলের রাজনীতির সঙ্গে জড়িত থাকার পরও তার বাড়িতে হামলা চালানো হয়েছে, যা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।
ঘটনাস্থল পরিদর্শন শেষে শিবগঞ্জ থানার এক কর্মকর্তা জানান, ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি থেকে এ সংঘর্ষের সূত্রপাত। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে, তবে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
১৪৬ বার পড়া হয়েছে