নরসিংদীতে বিএনপির ২ হেভিওয়েট নেতার নিরঙ্কুশ জয়
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর পাঁচটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে।
জনপ্রিয় ভোটে নির্বাচিত হওয়া বিএনপির দুই হেভিওয়েট নেতা এবং অন্যান্য নেতৃবৃন্দ জনগণের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
নরসিংদী জেলার পাঁচটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন:
নরসিংদী সদর – বিএনপির যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকন,
নরসিংদী-২ (পলাশ) – বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান,
শিবপুর – জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী,
মনোহরদী-বেলাবত – জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক তিনবারের এমপি সরদার শাখাওয়াত হোসেন বকুল,
নরসিংদী-৫ (রায়পুরা) – কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক আশরাফ উদ্দিন বকুল।
দলীয় সিদ্ধান্তে বিজয় মিছিল বর্জন করা হলেও স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উচ্ছাস ও আনন্দ লক্ষ্য করা গেছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে পলাশে নিজ বাড়িতে প্রয়াত বাবা খাদ্যমন্ত্রী মোমেন খানের কবর জিয়ারত করেন ড. আব্দুল মঈন খান। এ সময় তিনি বলেন, “জনগণ আমাদের যে দায়িত্ব দিয়েছে, সেই অর্পিত দায়িত্ব বিএনপি আগামী পাঁচ বছর সঠিকভাবে পালন করবে। বাংলাদেশী মানুষ নির্বাচনে সঠিক ভোট দিয়েছে। তারা দেশপ্রেমিক ও জাতীয়তাবাদে বিশ্বাসী এবং অতীতে দেশের কল্যাণে কাজ করেছে সেই দলটিকে বিজয়ী করে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশকে উন্নয়নের পথে নিয়ে যাবো এবং বিশ্বের কাছে সম্মানজনক অবস্থানে প্রতিষ্ঠিত করবো। আমরা রাজনীতি করি জনগণের জন্য, ক্ষমতার জন্য নয়।”
একই সময়ে চিনিশপুরস্থ নিজ বাড়িতে সদর আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত খায়রুল কবির খোকন বলেন, “এই বিজয় গণতন্ত্রের বিজয়। সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন হয়েছে। জনগণ বিএনপিকে বিশ্বাস করে যে গুরু দায়িত্ব দিয়েছে, তা যথাযথভাবে পালন করবে। বিগত দিনে যেসকল কারণে আওয়ামী লীগ সরকার দেশত্যাগের পরিস্থিতির সম্মুখীন হয়েছে, সেই শিক্ষা ও অভিজ্ঞতা সামনে রেখে দেশের পরিচালনা করবে বিএনপি।”
এ সময় বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
১৪৬ বার পড়া হয়েছে