ভোটগ্রহণ শেষ, হাতে গণনা শুরু – ফল ঘোষণায় সময় লাগতে পারে
বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৩১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ বৃহস্পতিবার শেষ হয়েছে। সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ চলে।
এবারের নির্বাচন ও গণভোট একই দিনে হওয়ায় ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছিল বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সূত্র জানিয়েছে, সাধারণ নির্বাচন, পোস্টাল ব্যালট ও গণভোটের ভোট আলাদাভাবে গণনা করে ফল প্রকাশ করা হবে। দুটি ব্যালটে ভোটগ্রহণ হওয়ায় ফলাফল প্রস্তুত করতে কিছুটা বেশি সময় লাগতে পারে। এছাড়া প্রথমবারের মতো প্রবাসী ভোটার এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পোস্টাল ব্যালটও গণনার আওতায় আসছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেন, “ফলাফল যত দ্রুত সম্ভব প্রকাশ করার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত।”
ইসি সচিব আখতার আহমেদ জানান, এবারের ভোট গণনা সনাতনী পদ্ধতিতে হাতে হাতে ব্যালট গণনার মাধ্যমে করা হচ্ছে। তিনি আরও বলেন, “হাতে গণনা হলেও ফল প্রকাশে কোনো অযথা বিলম্ব হবে না। আমরা শুক্রবার সকাল ১০টার মধ্যে গণনা শেষ করার লক্ষ্য রেখেছি।”
নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের নির্বাচন ও গণভোটে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হয়েছে। জাতীয় সংসদ ও গণভোটের জন্য সরবরাহকৃত স্বচ্ছ ব্যালট বাক্সেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটাররা উভয় ব্যালট একই বাক্সে প্রদান করেছেন।
১৫৮ বার পড়া হয়েছে