প্রতিপক্ষের প্রভাবের চেষ্টা, সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে: জামায়াত আমির
বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন অনিয়মের অভিযোগ উঠলেও সামগ্রিক পরিস্থিতি মোটামুটি শান্তিপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অতীতে সব দলের অংশগ্রহণে অনুষ্ঠিত গ্রহণযোগ্য নির্বাচনের তুলনায় এবারের ভোটে দুপুর ১টা পর্যন্ত ভোটার উপস্থিতি কিছুটা কম। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
ডা. শফিকুর রহমান জানান, ভোটগ্রহণ সুষ্ঠু হলে ফলাফল যাই হোক, তা মেনে নেবে তাঁর দল। তিনি বলেন, “জনগণই শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্ত নেবে।” একই সঙ্গে ছোটখাটো বিষয়ে সহনশীল থাকলেও বড় কোনো অনিয়ম হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
সংবাদ সম্মেলনে কয়েকটি কেন্দ্রে অনিয়মের অভিযোগও তোলেন জামায়াত আমির। তিনি দাবি করেন, কুমিল্লার লাকসাম উপজেলার বরুড়া এলাকার কয়েকটি ভোটকেন্দ্র থেকে জামায়াতের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রতিপক্ষ।”
এ ছাড়া তাঁর নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৫ এর মনিপুর গার্লস স্কুল কেন্দ্রে প্রতিপক্ষের সমর্থকদের প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগ করেন তিনি। তবে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানান জামায়াত আমির।
নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
১৬৪ বার পড়া হয়েছে