ইনসাফ প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান সাদিকের
বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খাগড়াছড়িতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।
বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিটে খাগড়াছড়ি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাদিক কায়েম বলেন, ইনসাফ প্রতিষ্ঠায় দেশের নতুন প্রজন্মকে সোচ্চার ভূমিকা রাখতে হবে।
তিনি মন্তব্য করেন, ৫ আগস্টের পর দেশের মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছে, এ ভোট সেই প্রত্যাশার বিজয় এবং জনগণের বিজয়। ভোট দেওয়ার পর পরিবারের সদস্যদের সঙ্গে সেলফিও তোলেন তিনি।
খাগড়াছড়ি-২৯৮ আসনে জেলার ৯টি উপজেলায় মোট ২০৩টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এ আসনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পাহাড়ি এ জেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮০ হাজার ২০৬ জন, নারী ভোটার ২ লাখ ৭৩ হাজার ৯০৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন। এছাড়া এবার নতুন ভোটার যুক্ত হয়েছেন প্রায় ২৭ হাজারের বেশি।
১৫৮ বার পড়া হয়েছে