শেরপুরে ব্যালট ছিনতাই ও জাল ভোট: একজনের ৩ বছর কারাদণ্ড, এজেন্টকে জরিমানা
বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শেরপুর-১ (সদর) আসনে ভোটকেন্দ্রে ব্যালট ছিনতাই ও অবৈধভাবে ভোট প্রদানের অভিযোগে মাসুদ মিয়া নামে এক ব্যক্তিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছে সংক্ষিপ্ত বিচারিক আদালত। একই ঘটনায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে লাঙ্গল প্রতীকের এক এজেন্টকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সকালে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের ৯৮ নম্বর নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে দুপুরে আদালত রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মাসুদ মিয়া নলবাইদ এলাকার আবুল হাসেম কানির ছেলে। একই এলাকার হাবিবুর রহমানের ছেলে বেল্লাল মিয়ার নামও ঘটনায় জড়িতদের তালিকায় রয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১১টা ৫ মিনিটের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থীর কয়েকজন সমর্থক কেন্দ্র দখল করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের বের করে দেন। এরপর তারা অবৈধভাবে ধানের শীষ প্রতীকে সিল মারা ২৬টি ব্যালট পেপার ব্যালট বাক্সে নিক্ষেপ করেন।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ব্যালট ছিনতাই ও জাল ভোট প্রদানের অভিযোগ প্রমাণিত হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান ভুঁইয়া মাসুদ মিয়াকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন।
এছাড়া একই কেন্দ্রে লাঙ্গল প্রতীকের এক এজেন্ট নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
১৫৩ বার পড়া হয়েছে