বগুড়ায় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক
বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বগুড়া শহরের ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে বুধবার রাতে জামায়াতের দুই নেতাকর্মীকে আটক করা হয়েছে। পরে স্থানীয় জনতা তাদের পুলিশের হাতে তুলে দেন।
আটকরা হলেন-বগুড়া শহর জামায়াতের ২ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি নাসিরুল ইসলাম জার্জিস এবং কর্মী আবদুল বারী। ঘটনাটি রাত পৌনে ১০টার দিকে শিববাটি এলাকায় অবস্থিত কেন্দ্রটিতে ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে ৮ থেকে ১০ জন জামায়াত নেতাকর্মী কেন্দ্র প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করেন। এ সময় দায়িত্বরত আনসার সদস্য দরজা খুলে দিলে কয়েকজন ভেতরে ঢুকে পড়েন। বিষয়টি জানতে পেরে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সেখানে উপস্থিত হলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং দুইজনকে আটক করে।
আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার জানান, তাদের কাছ থেকে প্রাথমিকভাবে মুচলেকা নেওয়া হয়েছে। তদন্তে অনধিকার প্রবেশের অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে, জামায়াতের যুব বিভাগের সম্পাদক আব্দুস সালাম তুহিন দাবি করেন, তাদের কর্মীরা কেবল পোলিং এজেন্টের নামের তালিকা প্রিজাইডিং কর্মকর্তার কাছে জমা দিতে কেন্দ্রে গিয়েছিলেন। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, রাতের বেলায় এ ধরনের তালিকা জমা দেওয়ার কোনো বিধান নেই।
১৩৮ বার পড়া হয়েছে