শান্তিপূর্ণ পরিবেশে নাটোরের চার আসনে ভোটগ্রহণ চলছে, মাঠে কঠোর নিরাপত্তা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের চারটি আসনে শান্তিপূর্ণ পরিবেশে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে জেলার ৫৬৬টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
সকালে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রহুল কুদ্দুস তালুকদার দুলু নিজের ভোট প্রদান করেন। অন্যদিকে শহরের শেরেবাংলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জামায়াতে ইসলামীর ইউনুস আলী ভোট দেন। এ সময় সাধারণ ভোটারদেরও কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিতে দেখা যায়।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় ১৪ প্লাটুন বিজিবিসহ মোট ১০ হাজার ১৭১ জন নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করছেন।
তিনি আরও জানান, নির্বাচনী মাঠে ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছেন। প্রতিটি কেন্দ্রে ১০ জন আনসার সদস্য ও একজন অস্ত্রধারী পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া ৫০টির অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত একজন করে অস্ত্রধারী পুলিশ নিয়োজিত করা হয়েছে। এসব কেন্দ্রে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স টহল দিচ্ছে।
সার্বিক প্রস্তুতির মধ্য দিয়ে নাটোরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
২৪১ বার পড়া হয়েছে