মোংলা-রামপালে ভোটারদের দীর্ঘ লাইন, প্রথম ভোট দিলেন বিএনপি ও জামায়াত প্রার্থী
বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে সকাল থেকেই ভোটারদের উপস্থিতিতে কেন্দ্রগুলো সরগরম হয়ে ওঠে। ভোর থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের ভিড় দেখা যায়। গেট খোলার আগেই কেন্দ্রের বাইরে জটলা বাঁধেন নারী-পুরুষ ভোটাররা। ভোটগ্রহণ শুরু হলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা ভোটাধিকার প্রয়োগ করেন।
ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় রামপালের ইসলামাবাদ সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে নিজের ভোট দেন। ভোট দেওয়ার পর তিনি আশা প্রকাশ করেন, উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে এবং সাধারণ মানুষ তাদের পক্ষে রায় দেবে। তবে তিনি অভিযোগ করেন, গত রাতে মোংলা ও রামপাল এলাকায় কালো টাকা ছড়িয়ে ভোট প্রভাবিত করার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পদক্ষেপ কামনা করেন তিনি।
অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদও সকাল সাড়ে ৭টায় রামপালের সোনাকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ভোটারদের উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনী পরিবেশ প্রাণবন্ত হয়ে উঠেছে।
১৪৯ বার পড়া হয়েছে