ঠাকুরগাঁওয়ে জামায়াতের বিরুদ্ধে অস্ত্র মজুদের অভিযোগ বিএনপির
বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৫০ অপরাহ্ন
শেয়ার করুন:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে সহিংসতার শঙ্কা প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি।
দলটির অভিযোগ, জামায়াতে ইসলামী নির্বাচনী প্রভাব বিস্তারের উদ্দেশ্যে অস্ত্র মজুদসহ নানা অনিয়মের প্রস্তুতি নিচ্ছে।
বুধবার রাতে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন। তিনি ঠাকুরগাঁও-১ আসনের বিএনপি প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে বক্তব্য দেন।
সংবাদ সম্মেলনে মির্জা ফয়সল আমীন দাবি করেন, রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে শিবিরের কর্মীরা ঠাকুরগাঁওয়ে প্রবেশ করেছে। তারা অর্থের বিনিময়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে তার অভিযোগ, জামায়াত বিপুল পরিমাণ অস্ত্র মজুদ করেছে এবং সেগুলো ব্যবহার করে বিভিন্ন ভোটকেন্দ্রে সহিংসতা সৃষ্টির পরিকল্পনা থাকতে পারে।
তবে বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের সহিংসতায় জড়িত না থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা জয়-পরাজয়ের হিসাব করে নির্বাচন করছি না। জনগণ যে রায় দেবে, তা মেনে নেওয়ার মানসিকতা আমাদের রয়েছে। আমাদের পক্ষ থেকে কোনো বিশৃঙ্খলা বা সহিংসতা সৃষ্টি করা হয়নি এবং ভবিষ্যতেও হবে না।’
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১১৬ বার পড়া হয়েছে