পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১০
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার শোলাবাড়িয়া এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে শোলাবাড়িয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান জানান, শাহজাদপুর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথে শোলাবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাছরাঙা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠান। পরে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে শাহজাদপুর ট্রাভেলসের চালক ও মাছরাঙা পরিবহনের এক হেলপার রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে হাইওয়ে পুলিশ।
১২৩ বার পড়া হয়েছে