সাতক্ষীরায় জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ আফরোজা আক্তার।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ, শহরের যানজট নিরসনে সমাধান, অবৈধ ইজিবাইক বন্ধে উদ্যোগ, মাদকবিরোধী অভিযান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের পাশাপাশি অন্যান্য জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সেনা ক্যাম্পের অধিনায়ক লেঃ কর্নেল চৌধুরী নাবিদ রিফাত মনজুর, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান, পুলিশ সুপার জুয়েল আরেফিন, সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম, জেলা বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ, সরকারি কলেজের অধ্যক্ষগণ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানগণ এবং জেলা মহিলাদলের ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি।
সেনা ক্যাম্পের অধিনায়ক লেঃ কর্নেল চৌধুরী নাবিদ রিফাত মনজুর জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরায় ৬’শ সেনাবাহিনীর সদস্য মোতায়েন থাকবে এবং যেকোনো পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে।
৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সীমান্তবর্তী এলাকায় কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটতে না পারে সেজন্য বিজিবির সদস্যরা নিবিড় টহল দিচ্ছে।
সাতক্ষীরার পুলিশ সুপার জুয়েল আরেফিন জানান, ভোটের পর তিন দিন পর্যন্ত নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে।
জেলা প্রশাসক আফরোজা আক্তার বলেন, নারী ভোটারদের সনাক্তকরণের জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে পালন করা হবে।
১০৫ বার পড়া হয়েছে