মেধাবী ছাত্রদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেন জামায়াতের মুয়াযযম হোসাইন
রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারী জেনারেল এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা মেধাবী, তাদেরকে বেকার ভাতা দিয়ে পঙ্গু করা হবে না, প্রত্যেকের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
রবিবার বিকেলে শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুয়াযযম হোসাইন হেলাল বলেন, “আমাদের আমিরের নির্দেশে প্রত্যেকের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, যাতে সবাই তার পরিবার-পরিজন নিয়ে ভালো থাকতে পারেন। আমরা জাতিকে কল্যাণমুখী সমাজ গড়ে তোলার লক্ষ্যে কাজ করব। এ দেশে শিল্পায়ন, শিক্ষা, স্বাস্থ্য এবং বহুমুখী কল্যাণমূলক কার্যক্রমে গুরুত্ব দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “৫ আগস্টের বিপ্লবে নেতৃত্ব দিয়েছে ছাত্র শিবির, বাংলাদেশ জামায়াতে ইসলামী। আমরা নাম ধরে দাবি করিনি, তবে দেশবাসী নিজ চোখে তা দেখেছেন। চাঁদাবাজ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে শোষণ করা বিদেশীদের পৃষ্ঠপোষকতাকারী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমাদের ত্যাগ স্বীকারের কারণে দেশের মানুষ আমাদের ভালোবাসা দিয়েছে।”
এ্যাডভোকেট হেলাল জানান, “আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পরও জামায়াতে ইসলামী দেশের মানুষকে কষ্ট দেয়নি, কোনো প্রতিহিংসামূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়নি। তবে যারা বিদেশ থেকে পরিকল্পনা নিয়ে দেশে ফিরে মজলুমদের বিপক্ষে অবস্থান নিয়েছে, তারা এখন দেশের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।”
মানিকগঞ্জ জামায়াতে ইসলামী আমীর কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা অঞ্চল (উত্তর) সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ জাহিদুর রহমান, জকসু জিএস আব্দুল আলিম আরিফ, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ডাঃ আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্য দলীয় নেতারা।
১০৫ বার পড়া হয়েছে