নিজ গ্রামে রমেশ চন্দ্র সেনের মরদেহ, বিএনপি মহাসচিব ও জামায়াত প্রার্থীর শোক
শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও–১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের মরদেহ শনিবার সন্ধ্যায় দিনাজপুর জেলা কারাগার থেকে তাঁর নিজ গ্রাম ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁওয়ে পৌঁছেছে। মরদেহ পৌঁছানোর পর আত্মীয়-স্বজন ও দূরদূরান্ত থেকে আগত মানুষ শেষবারের মতো তাঁকে দেখতে ভিড় করেন।
রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে ঠাকুরগাঁও–১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন।
তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত শোকবার্তায় বলা হয়, “ঠাকুরগাঁও–১ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ শ্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে আমি গভীর শোক জানাচ্ছি। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”
এছাড়া একই আসনের জামায়াত প্রার্থী ও দলটির মজলিসে সুরার সদস্য দেলোয়ার হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথকভাবে শোক প্রকাশ করেন। জেলা জামায়াত নেতৃবৃন্দ জানান, রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে রুহিয়ায় শনিবার অনুষ্ঠিতব্য জামায়াতের নির্বাচনী জনসভা বাতিল করা হয়েছে।
জানা গেছে, দিনাজপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় শনিবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সকাল ৯টা ২৯ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর তাঁর মরদেহ নিজ বাসভবনে নিয়ে আসা হয়। রাতেই তাঁর শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে।
রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ক্ষিতীন্দ্র মোহন সেন ও মাতা বালাশ্বরী সেন। তিনি রংপুর কারমাইকেল কলেজে পড়াশোনা করেন। রাজনৈতিক জীবনে তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
১০৫ বার পড়া হয়েছে