স্বৈরাচার পতনের পর দেশ গঠনের শপথ: দিনাজপুরে তারেক রহমান
শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে স্বৈরাচার পতনের পর বাংলাদেশ এখন নতুন করে রাষ্ট্র গঠনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়াপারসন তারেক রহমান। তিনি বলেন, “স্বৈরাচারকে বিদায় করে এবার আমাদের শপথ হবে দেশ গড়ার, রাষ্ট্র পুনর্গঠনের এবং রাষ্ট্র পুনঃনির্মাণের।”
রোববার বিকেলে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কলেজ মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে দিনাজপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশে তারেক রহমান বলেন, দিনাজপুর ধান উৎপাদনের জন্য দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা। তিনি উল্লেখ করেন, এটি তার নানীর জন্মস্থান। এ প্রসঙ্গে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “আমি আমার নানীর দেশে এসেছি ধানের শীষে ভোট চাইতে।” তার এই বক্তব্যে জনসভায় ব্যাপক সাড়া পড়ে।
তারেক রহমান বলেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে এমন একটি রাষ্ট্র, যেখানে নারীরা নিরাপদে চলাচল করতে পারবে এবং প্রতিটি মানুষ স্বাধীনভাবে নিজের পেশা ও জীবিকা বেছে নেওয়ার সুযোগ পাবে। তিনি বলেন, ধর্ম কিংবা পরিচয়ের ভিত্তিতে নয়, বরং যোগ্যতা ও মেধার ভিত্তিতেই মানুষের মর্যাদা নির্ধারিত হবে। “হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান—এই বিভাজনে নয়, যোগ্যতাই হবে আগামীর বাংলাদেশের একমাত্র মানদণ্ড,” বলেন তিনি।
দিনাজপুরের কৃষি সম্ভাবনার কথা তুলে ধরে বিএনপি চেয়ারপারসন বলেন, দিনাজপুরের লিচু ও সুগন্ধি চাল ইতোমধ্যেই দেশ-বিদেশে পরিচিতি পেয়েছে। কৃষিভিত্তিক শিল্প স্থাপন এবং কৃষিপণ্য সংরক্ষণের জন্য পর্যাপ্ত হিমাগার নির্মাণে দিনাজপুরকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনায় যে বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছিল, সেই বাংলাদেশই পুনর্গঠন করতে চায় বিএনপি। জুলাই বিপ্লবের মাধ্যমে যে নতুন আকাঙ্ক্ষা জেগে উঠেছে, সেটিকেই বাস্তব রূপ দেওয়ার অঙ্গীকার করেন তিনি।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রফেসর ডক্টর এ. জেড. এম. জায়েদ হোসেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে দিনাজপুরসহ উত্তরাঞ্চলের মানুষ অবহেলা ও বঞ্চনার শিকার হয়েছে। এই পরিস্থিতির পরিবর্তনে একটি জনগণের সরকার প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখা বাস্তবায়নের মাধ্যমেই এই অঞ্চলের টেকসই উন্নয়ন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি হাসানুজ্জামান উজ্জ্বল, সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমানসহ নবাবগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুর ও বিরামপুর উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক বক্তিয়ার আহমেদ কোচির সঞ্চালনায় অনুষ্ঠিত এই নির্বাচনী জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষের উপস্থিতিতে বিরামপুর কলেজ মাঠ জনসমুদ্রে পরিণত হয়। স্লোগান ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা, প্রতিফলিত হয় পরিবর্তনের প্রত্যাশা।
১২৬ বার পড়া হয়েছে