পৈত্রিক সম্পত্তির দাবিতে বড় ভাইয়ের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন
শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পৈত্রিক সম্পত্তিতে নিজেদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে বড় ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক বোন।
শুক্রবার রাতে কুয়াকাটা প্রেসক্লাবে ভুক্তভোগী পরিবারের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাহানারা বেগম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এস.এ জরিপ অনুযায়ী মৌজা খতিয়ান নং ১২৬১/১-এর দাগ নং ৫২৫২সহ মোট ১৩টি দাগ এবং বি.এস জরিপ অনুযায়ী এনএ কাটন মৌজার খতিয়ান নং ২৩৬-এর দাগ নং ২০০৭, ২০৬৩সহ একাধিক দাগের জমি তাদের পৈত্রিক সম্পত্তি।
জাহানারা বেগম বলেন, তাদের পিতা প্রায় এক দশকেরও বেশি সময় আগে মৃত্যুবরণ করেন। পিতার মৃত্যুর পর বড় ভাই এম এ মোজালেম শরীফ মৌখিকভাবে সম্পত্তি বণ্টনের আশ্বাস দিলেও আজ পর্যন্ত তাদের কোনো অংশ বুঝিয়ে দেওয়া হয়নি।
তিনি অভিযোগ করেন, ন্যায্য অংশ দাবি করলে বড় ভাই নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন। একপর্যায়ে গোপন সূত্রে তারা জানতে পারেন, তাদের অগোচরে বড় ভাই ও অন্যান্য ভাইয়েরা এককভাবে জমিতে দখল প্রতিষ্ঠা করে ঘর নির্মাণ শুরু করেছেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এ বিষয়ে বাধা দিতে গেলে গত ৩ ফেব্রুয়ারি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে ৫ ফেব্রুয়ারি মহিপুর থানায় অভিযোগ দায়ের করে তারা জমিতে নিজেদের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করেন। এ সময় বড় ভাই পুলিশ এনে তাদের হয়রানি করার চেষ্টা করেছেন বলেও অভিযোগ করা হয়।
জাহানারা বেগম জানান, পুলিশ উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় হাজির হতে নির্দেশ দেয়। নির্ধারিত সময়ে তারা থানায় উপস্থিত হলেও বড় ভাই একই সময়ে কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন এবং পরে থানায় যান।
মহিপুর থানার ওসি উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে নির্বাচনজনিত কারণে আগামী ১৫ ফেব্রুয়ারি পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের দিন ধার্য করেন এবং কাউকে আইন নিজের হাতে না নিতে নির্দেশ দেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, পরবর্তীতে বড় ভাই সামাজিক যোগাযোগমাধ্যম ও সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কুয়াকাটা পৌরসভার এক জামায়াত নেতার মাধ্যমে জমি দখলের মিথ্যা অভিযোগ তুলে বিভ্রান্তি সৃষ্টি করেছেন।
জাহানারা বেগম স্পষ্ট করে বলেন, যাকে রাজনৈতিকভাবে জড়ানোর চেষ্টা করা হচ্ছে তিনি তাদের পরিবারের সদস্য এবং তার আপন ভাগিনা। উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক রং লাগিয়ে তাদের ন্যায্য দাবিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাহানারা বেগম প্রশাসনের কাছে পৈত্রিক ওয়ারিশী সম্পত্তির সুষ্ঠু ও আইনসম্মত সমাধানের দাবি জানান।
১৬৪ বার পড়া হয়েছে