সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও এক কিশোর গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত ও আহত তিনজনই দৌলতপুর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে দৌলতখালী চৌহদ্দিপাড়া গ্রামের তিন বন্ধু-রহমত উল্লাহ (১৪), সাহাবী হোসেন (১৪) ও সাইফ হোসেন (১৪) দৌলতখালী মাদ্রাসা মোড়ে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট শেষ করে সকাল ৯টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় দৌলতখালী হাজীপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনায় রহমত উল্লাহ ও সাহাবী হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

অপরদিকে গুরুতর আহত সাইফ হোসেনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

নিহত রহমত উল্লাহ দৌলতখালী চৌহদ্দিপাড়া গ্রামের হেকমত উল্লাহর ছেলে এবং সাহাবী হোসেন একই এলাকার আমিনুল ইসলামের ছেলে। আহত সাইফ হোসেন জিয়ার আলীর সন্তান।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন জানান, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় দুই কিশোরকে হাসপাতালে আনা হলে তারা আগেই মারা গিয়েছিল। আহত একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১৬৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন