ভোট গণনা পর্যন্ত সাংবাদিকদের ক্যামেরা সচল রাখার আহ্বান স্বতন্ত্র প্রার্থীর
শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জ-০২ আসনের স্বতন্ত্র প্রার্থী কামরূজ্জামান ভূইয়া ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত সাংবাদিকদের ক্যামেরা চালু রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জ শহরে নিজ নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। কামরূজ্জামান ভূইয়া বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের উপস্থিতি ও ক্যামেরা সচল থাকলে নির্বাচনে কোনো অনিয়মের সুযোগ থাকে না। তিনি জানান, সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার কারণেই এখন পর্যন্ত কোনো অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়নি।
তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, যা অনেকটা ঈদের আনন্দের মতো। নির্বাচন নিয়ে কোনো ধরনের আশঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আশ্বাস দেওয়া হয়েছে।
ভোটারদের সঙ্গে গণসংযোগের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, মানুষ শান্তিপূর্ণ পরিবেশ চায়। নির্বাচিত হলে জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলেও প্রতিশ্রুতি দেন।
মতবিনিময় সভায় স্বতন্ত্র প্রার্থী কামরূজ্জামান ভূইয়ার কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
১০৫ বার পড়া হয়েছে