চাঁদপুরে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ
শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁদপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের অংশগ্রহণে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে জেলার ৫০ জন সাংবাদিক অংশ নেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রশিক্ষণের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। দিনশেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল সিদ্দিক।
এর আগে বৃহস্পতিবার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. এ. লতিফের সঞ্চালনায় কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য দেন দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমন্বয়কারী পিআইবির গবেষক মোহাম্মদ সিদ্দিক ফারুক।
দ্বিতীয় দিনে নির্বাচনকালে গণমাধ্যমকর্মীদের দায়িত্ব ও কর্তব্য, গণমাধ্যম নীতিমালা-২০২৫, নির্বাচনী রিপোর্টিংয়ের ধরন ও প্রকরণ, সাংবাদিকদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা, ভুয়া তথ্য ও অপতথ্য মোকাবেলা, গুজব ও প্রোপাগান্ডা শনাক্তকরণ এবং ফ্যাক্টচেকিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার বাহারাম খান।
প্রশিক্ষণের উদ্বোধনী দিনে এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক নিয়ামুল সাদেক এবং দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার বাহারাম খান প্রশিক্ষণ প্রদান করেন। এদিন ভোট ও ভোটার, নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি-২০২৫, নির্বাচন প্রক্রিয়া, গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ ও সংশ্লিষ্ট সংস্কার, নির্বাচনী ব্যবস্থাপনা এবং নির্বাচন পর্যবেক্ষণে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
শেষ দিনে প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।
১১৯ বার পড়া হয়েছে