পে-স্কেলের প্রজ্ঞাপন ও বাস্তবায়নের দাবিতে মাগুরায় বিক্ষোভ
বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
মাগুরার শ্রীপুরে বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়ন ও প্রজ্ঞাপন জারির দাবিতে টানা চতুর্থ দিনের মতো অর্ধদিবস কর্মবিরতি, অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন পালন করেছেন উপজেলার সরকারি কর্মচারীরা।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কর্মচারীরা উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধনে অংশ নেন। এতে উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এর আগে তারা অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন।
সমাবেশে বক্তারা বলেন, বৈষম্যহীন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। বর্তমান বেতনে সংসার পরিচালনা কঠিন হয়ে পড়েছে উল্লেখ করে তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে বেতন কাঠামোর সমন্বয় না থাকায় কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন।
তারা আরও জানান, দাবি আদায়ে আগামীকাল ঢাকায় মহাসমাবেশে অংশ নেবেন। নির্বাচনের আগে পে-স্কেল বৃদ্ধি না হলে নির্বাচনী কার্যক্রম থেকেও বিরত থাকার হুঁশিয়ারি দেন তারা। কর্মচারীদের স্লোগান ছিল- ‘আগে পে-স্কেল, পরে নির্বাচন’।
২১৯ বার পড়া হয়েছে