জাতীয় নির্বাচনে জামালপুরে বিজিবি স্ট্রাইকিং ফোর্স মোতায়েন
বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের বিজিবি ক্যাম্পে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত জামালপুর, কুড়িগ্রাম ও টাঙ্গাইলের ২১টি উপজেলার ১৪টি সংসদীয় আসনে ৯ শতাধিক বিজিবি সদস্য ৪৩টি প্লাটুনের মাধ্যমে দায়িত্ব পালন করবে। এর মধ্যে জামালপুরের ৫টি সংসদীয় আসনে ১৬ প্লাটুন, কুড়িগ্রামের ১টি আসনে ৮ প্লাটুন এবং টাঙ্গাইলের ৮টি আসনে ১৯ প্লাটুন মোতায়েন থাকবে।
লে. কর্নেল হাসানুর রহমান জানান, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলায় সেনাবাহিনীর পরিবর্তে এককভাবে বিজিবি স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে। এছাড়া চরাঞ্চল ও দুর্গম এলাকায় বিশেষ নজরদারি থাকবে।
তিনি আরও বলেন, “প্রতিটি ভোটকেন্দ্রে নিয়মিত রেকি ও নিরাপত্তা মূল্যায়ন কার্যক্রম চলমান রয়েছে। ভোটাররা নিরাপদে ও নির্বিঘ্নে ভোট দিতে পারবে- এটাই আমাদের লক্ষ্য। ভয়ভীতি, সহিংসতা ও ব্যালট ছিনতাই রোধে সর্বোচ্চ সতর্কতা রয়েছে।”
প্রেস ব্রিফিংয়ে জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সাধারণ সম্পাদক মুকুল রানা ও বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
১৬৩ বার পড়া হয়েছে