জামায়াতের ইতিহাস ব্যাখ্যার অধিকার নেই: সালাহউদ্দিন আহমদ
বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুক্তিযুদ্ধকালীন ভূমিকা নিয়ে কোনো অনুশোচনা নেই উল্লেখ করে দলটিকে স্বাধীনতার ইতিহাস ব্যাখ্যা না করার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার রাতে কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজার দক্ষিণ স্টেশনে কক্সবাজার-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সমর্থনে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, যে রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনীর সহযোগী ছিল এবং আজও সেই ভূমিকার জন্য অনুতপ্ত নয়, তাদের মুখে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হওয়াই স্বাভাবিক। তিনি জামায়াত নেতাদের বক্তব্যের সমালোচনা করে বলেন, তারা স্বাধীনতার ঘোষক নিয়েও ইতিহাস বিকৃতির চেষ্টা করছে।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কর্মক্ষম জনশক্তিতে রূপান্তর করা হবে। জনগণের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে জনগণ বিএনপির পক্ষেই রায় দেবে বলে আশাবাদ ব্যক্ত করে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি সরকার গঠন করলে তারুণ্যের চিন্তাকে গুরুত্ব দিয়ে প্রযুক্তিনির্ভর, জ্ঞানভিত্তিক ও শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে। শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজানো হবে, যাতে কেউ বেকার না থাকে বলেও তিনি উল্লেখ করেন।
পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি কক্সবাজার-৪ আসনের বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী। বক্তব্য রাখেন বিএনপির মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, অর্থ সম্পাদক আব্দুল্লাহ, প্রচার সম্পাদক অধ্যক্ষ আকতার চৌধুরীসহ দল ও অঙ্গসংগঠনের নেতারা।
পথসভায় হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
১৩০ বার পড়া হয়েছে