কিশোরগঞ্জে গণসংযোগে হামলার প্রতিবাদে ১১ দলের বিক্ষোভ
বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৩৮ অপরাহ্ন
শেয়ার করুন:
কিশোরগঞ্জের ভৈরব-কুলিয়ারচর আসনে ১১ দলীয় জোটের গণসংযোগ কর্মসূচিতে বিএনপির সমর্থকদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় নেতাকর্মীরা ঢাকা–সিলেট মহাসড়কের ভৈরবের দুর্জয় মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আয়োজিত সমাবেশে ১১ দলের নেতারা অভিযোগ করেন, কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের সুবিচারের মোড় এলাকায় গণসংযোগ চলাকালে বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়।
বক্তাদের দাবি, ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মাসুদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নাদিরুজ্জামান খসরু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মেজবাউল হক খোকা, যুবদল নেতা জাকির হোসেন জিল্লু, তানবীর সিদ্দিকি, নূরে আলমসহ ১৫-২০ জন নেতাকর্মী মিছিল নিয়ে এসে হামলা চালায়। এতে এনসিপির প্রধান সমন্বয়কারী আরিফুল ইসলাম ও উপজেলা ছাত্র শিবিরের সভাপতি নাজিমুদ্দিন হৃদয়সহ অন্তত ৮-১০ জন আহত হন। এ সময় লিফলেট ও নির্বাচনী সামগ্রী ছিনিয়ে নেওয়া এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও তোলা হয়।
সমাবেশে বক্তারা আরও বলেন, কুলিয়ারচরে ধানের শীষের বাইরে অন্য কোনো প্রতীকের প্রচারণা চালালে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ ধরনের পরিস্থিতিতে আগামী ১২ তারিখের নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে তারা শঙ্কা প্রকাশ করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জানান।
পরে দুর্জয় মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কমলপুর কওমি মাদ্রাসা এলাকায় গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন ভৈরব উপজেলা এনসিপির মুখ্য সমন্বয়ক শরীফুল হক জয়। এ সময় গণধিকার পরিষদের উপজেলা সভাপতি ইমতিয়াজ আহমেদ কাজল, জনতা পার্টির সভাপতি নুরুল কাদের সোহেলসহ ১১ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
২২৯ বার পড়া হয়েছে