কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপির দিনব্যাপী উঠান বৈঠক অনুষ্ঠিত
বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় বিএনপির উদ্যোগে দিনব্যাপী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শরীফুল আলম এসব বৈঠকে অংশ নেন।
রোববার সকাল ১১টা থেকে কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের তারাকান্দী এলাকায় উঠান বৈঠক শুরু হয়। পরে উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে মোট ১১টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
উঠান বৈঠকগুলোতে স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তব্যে বিএনপি প্রার্থী শরীফুল আলম বলেন, অতীতের নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। এবার ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এলাকাবাসী যেন তাকে নিজের সন্তান ও ভাই হিসেবে বিবেচনা করে ভোট প্রদান করেন। তিনি আরও বলেন, জনগণের কাছে তিনি ভোট ভিক্ষা চান এবং নির্বাচিত হলে এলাকার মানুষের আস্থার প্রতিদান দেবেন। পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা সমাধান ও উন্নয়নের আশ্বাস দেন তিনি।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, রামদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মজনু মিয়া, সাধারণ সম্পাদক মো. সাজুউদ্দিন, উপজেলা মহিলা দলের সভানেত্রী বিলকিস আক্তারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
২২৬ বার পড়া হয়েছে