ভোলায় জামায়াত-বিএনপি সংঘর্ষে ১০ আহত
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভোলার দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের মুন্সির হাট এলাকায় বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে লাঠির মাথায় পতাকা লাগিয়ে মিছিল করার সময় দু’পক্ষের মধ্যে তর্ক ও হাতাহাতি সংঘটিত হয়। এতে উভয়পক্ষের মোট ১০ জন আহত হয়েছেন।
গুরুতর আহতদের মধ্যে বিএনপির মেদুয়া ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মোঃ কবির (২৮), ছাত্রদলের সদস্য রাছেল (২২), যুবদল সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল (৩০)কে দৌলতখান হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে জামায়াতের মোহাম্মদ রুবেল (২৫), মোহাম্মদ নাঈম (২০) ও ফরহাদ (২৩) ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী আবুল কালাম জানিয়েছেন, সকালে জামায়াতের কর্মীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে লাঠির মাথায় পোস্টার লাগিয়ে গণসংযোগে নামলে বিএনপি কর্মীদের সঙ্গে কথার তর্কের এক পর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে।
দৌলতখান উপজেলা জামায়াতের আমীর হাসান তারেক স্বপন হাওলাদার বলেন, 'বিএনপি’র কর্মীরা বরাবরই উত্তেজিত এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাসী। আমরা এই ধরনের সহিংসতা থেকে মুক্তি চাই।'
অপরদিকে দৌলতখান উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শাহজাহান সাজু জানান, 'জামায়াত কর্মীরা লাঠির মাথায় পতাকা লাগিয়ে গণসংযোগ করেছে। এতে মানুষ আতঙ্কিত হয়ে তর্ক-বিতর্ক থেকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমাদেরও তিনজন আহত হয়েছে।'
দৌলতখান উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সিকদার বলেন, 'পুলিশ ও নৌ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকায় শান্তি রয়েছে।'
১০৪ বার পড়া হয়েছে