পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নবম পে স্কেলের গেজেট জারির দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা সমুদ্র বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা ও কর্মচারীরা অবস্থান কর্মসূচি, কর্মবিরতি ও বিক্ষোভ পালন করেছেন।
সোমবার বেলা ১১টার দিকে পায়রা বন্দর কর্মচারী ইউনিয়নের ব্যানারে বন্দরের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির কারণে প্রায় দুই ঘণ্টা বন্দরের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকে। এর আগের দিন রোববারও একই দাবিতে একই সময়ে অনুরূপ কর্মসূচি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা।
বিক্ষোভ চলাকালে বক্তব্য দেন পায়রা বন্দরের মেডিকেল অফিস সহায়ক তাপসী দাস, ইনল্যান্ড মাস্টার আবদুল কাদের, কর্মকর্তা শেখুল আরেফিন এবং হিসাব সহকারী শফিকুল ইসলাম।
বক্তারা বলেন, গত ১৫ বছরে দেশের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কয়েকগুণ বৃদ্ধি পেলেও তাদের বেতন-ভাতা তেমন বাড়েনি। এতে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। দ্রুত নবম পে স্কেলের গেজেট জারি না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেন তারা।
একই সঙ্গে দাবি আদায় না হলে আসন্ন যেকোনো নির্বাচনে ভোট না দেওয়ার আল্টিমেটামও দেন আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা।
১২৫ বার পড়া হয়েছে