নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ২:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্দিষ্ট সময়ের জন্য বিভিন্ন ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। এছাড়া ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাকের চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর হবে ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ভোটগ্রহণের দিন ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের তথ্য রোববার এক তথ্যবিবরণীতে জানানো হয়।
তবে কিছু ক্ষেত্রে শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞা শিথিল থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, অনুমোদিত পর্যবেক্ষক, জরুরি সেবাদানকারী যানবাহন এবং ওষুধ, স্বাস্থ্যসামগ্রী ও সংবাদপত্র পরিবহনকারী যানবাহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
এ ছাড়া নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে সাংবাদিক, পর্যবেক্ষক ও জরুরি কাজে ব্যবহৃত যানবাহন এবং মোটরসাইকেল চলাচল করতে পারবে। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহৃত মোটরসাইকেল এবং জরুরি সেবা হিসেবে বিবেচিত বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের যানবাহনও নিষেধাজ্ঞামুক্ত থাকবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বিমানবন্দরে যাতায়াতকারী যানবাহন (প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন সাপেক্ষে), দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁদের নির্বাচনী এজেন্টদের জন্য নির্ধারিত সীমিত সংখ্যক ছোট যানবাহনও নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।
জাতীয় মহাসড়ক, বন্দর, আন্তঃজেলা ও মহানগরের গুরুত্বপূর্ণ সড়কে পরিস্থিতি বিবেচনায় নিষেধাজ্ঞা শিথিল বা কঠোর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ক্ষমতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। পাশাপাশি, জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারদের প্রয়োজনে অন্যান্য যানবাহনের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করার ক্ষমতা দেওয়া হয়েছে।
১৯৫ বার পড়া হয়েছে