কুয়াকাটায় পর্যটন কার্নিভালে হোটেল ভাড়ায় ৫০ শতাংশ ছাড়
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ৫:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর সমুদ্রসৈকত কুয়াকাটায় আগামী ২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী জমকালো পর্যটন কার্নিভাল। এই উৎসবকে কেন্দ্র করে আগত দর্শনার্থী ও পর্যটকদের বাড়তি সুবিধা দিতে হোটেল-মোটেলের রুম ভাড়ায় ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে মালিক সমিতি।
বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত এই উৎসবে দেশের খ্যাতনামা তারকা অভিনয়শিল্পী, সংগীতশিল্পী, ফ্যাশন ডিজাইনার এবং জাতীয় দলের ফুটবল ও ক্রিকেট তারকাদের সমাগম ঘটবে। দুই দিনের এ আয়োজনে প্রায় তিন থেকে চার লাখ পর্যটকের আগমন ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
উৎসব উপলক্ষ্যে কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সাইদ হাসান স্বাক্ষরিত এক জরুরি নোটিশে চার দফা নির্দেশ জারি করা হয়েছে। এতে বলা হয়, অভ্যর্থনা কক্ষে মূল ভাড়ার পাশাপাশি ৫০ শতাংশ ছাড়ের তালিকা স্পষ্টভাবে টাঙাতে হবে এবং কোনো অবস্থাতেই অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। পাশাপাশি হোটেল প্রাঙ্গণে নান্দনিক আলোকসজ্জা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে অনুরোধ জানানো হয়েছে।
সংগঠনটির সভাপতি মোতালেব শরীফ জানান, নির্দেশ অমান্য করে পর্যটকদের হয়রানি করা হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, কার্নিভাল ঘিরে প্রথম শ্রেণির অধিকাংশ হোটেলের কক্ষ ইতিমধ্যে বুকিং হয়ে গেছে এবং উৎসব শুরুর আগেই শতভাগ বুকিং শেষ হবে বলে তারা আশাবাদী।
১৫৫ বার পড়া হয়েছে