আমিরাতে গোপন সফর করেছেন নেতানিয়াহু, বৈঠকে ইরান প্রসঙ্গ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ৩:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত রোববার গোপন সফরে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গিয়েছিলেন বলে জানা গেছে। সেখানে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন তিনি। ইসরায়েলি একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন। তবে সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি নেতানিয়াহুর দপ্তর বা আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু ও শেখ মোহাম্মদ বিন জায়েদের গোপন বৈঠকে সবচেয়ে গুরুত্ব পেয়েছে ইরান ইস্যু। বর্তমান সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যেও ইরানকে ঘিরে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের কৌশলগত সহযোগিতা বাড়ছে। চলমান ইরান যুদ্ধের মধ্যেও দুই দেশ একে অপরের পাশে থাকার বার্তা দিচ্ছে।
আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের আগে নেতানিয়াহুর এমন গোপন ও নজিরবিহীন সফর দেশটির রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি করেছে।
বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে নেতানিয়াহু ও তাঁর বিরোধীরা ফিলিস্তিনবিরোধী অবস্থানে কে কতটা কঠোর হতে পারেন, সেই প্রতিযোগিতায় নেমেছেন।
এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছিল, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার আগে সম্ভাব্য বিপদ সম্পর্কে ইসরায়েলকে সতর্ক করেছিল সংযুক্ত আরব আমিরাত। তবে নেতানিয়াহুর দপ্তর শুরু থেকেই এমন কোনো সতর্কবার্তা পাওয়ার বিষয়টি অস্বীকার করে আসছে।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। এর জবাবে তেহরান উপসাগরীয় অঞ্চলে থাকা বিভিন্ন মার্কিন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এসব হামলার অন্যতম প্রধান লক্ষ্যস্থল ছিল সংযুক্ত আরব আমিরাত।
১১০ বার পড়া হয়েছে