উল্লাপাড়ায় শিশুকে শ্লীলতাহানির অভিযোগ মসজিদের ইমামের বিরুদ্ধে
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আরবি পড়তে গিয়ে এক তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে স্থানীয় মসজিদের ইমামের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং অভিযুক্ত ইমামকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার বিবরণ দিয়ে ভুক্তভোগী শিশুর মা জানান, প্রতিদিন সকালে তার মেয়ে স্থানীয় বড় লক্ষ্মীপুর মসজিদে আরবি শিক্ষা নিতে যেত। দুই দিন আগে বাড়ি ফিরে শিশুটি তার মাকে জানায় যে, মসজিদের ইমাম মোঃ কাউসার তার শরীরে আপত্তিকরভাবে হাত দিয়েছেন। এরপর ইমামকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজের দোষ স্বীকার করেন। পরে ক্ষুব্ধ স্বজনরা তাকে মারধর করে তাড়িয়ে দেয়।
এদিকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় কিছু প্রভাবশালী ও মসজিদ কমিটির কয়েকজন সদস্য সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ উঠেছে। তারা স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন এবং অভিযুক্ত ইমামকে তার নিজ গ্রাম নাদায় পাঠিয়ে দিয়েছেন।
তবে শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার করেছেন ইমাম মোঃ কাউসার। মুঠোফোনে তিনি দাবি করেন, পড়ানোর সময় অসাবধানতাবশত গায়ে হাত লাগতে পারে, কিন্তু তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। অথচ মেয়ের পরিবার বিষয়টি ভিন্নভাবে নিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে।
এ বিষয়ে বড় লক্ষ্মীপুর মসজিদ কমিটির সভাপতি মোঃ তসলেম উদ্দিন তালুকদার আনজু জানান, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। ঘটনাটি লোকমুখে শুনলেও এ ব্যাপারে বিস্তারিত কিছু জানেন না।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান জানিয়েছেন, এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৬৭ বার পড়া হয়েছে