শেখ হাসিনা রাজনৈতিকভাবে দেউলিয়া : সারজিস আলম
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে দেশ ছেড়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তাঁর দাবি, শেখ হাসিনা আর দেশে ফিরতে পারবেন না। একই সঙ্গে বিএনপিকে ক্ষমতার অপব্যবহার ও দলীয়করণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বরগুনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখার আয়োজনে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় এসব কথা বলেন সারজিস আলম। দিনব্যাপী কর্মসূচিতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারসহ স্থানীয় নেতা-কর্মীরা অংশ নেন। পরে বেলা একটার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন কেন্দ্রীয় নেতারা।
মতবিনিময় সভায় সারজিস আলম বলেন, অপরাধীদের রাজনৈতিক পরিচয় বা পদ বিবেচনা করে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হলে বিএনপি একসময় অপরাধের অভয়ারণ্যে পরিণত হতে পারে। তিনি দলটির প্রতি ক্ষমতার অপব্যবহার ও দলীয়করণের পথ পরিহারের আহ্বান জানান।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের প্রসঙ্গ তুলে তিনি বলেন, অপরাধীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিচার না করলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা কঠিন হবে।
অভিনেত্রী বাঁধনের ওপর সাম্প্রতিক হামলার প্রসঙ্গও তুলে ধরেন সারজিস আলম। তাঁর ভাষ্য, ওই হামলায় বিএনপির কোনো ভূমিকা না থাকায় তিনি ক্ষুব্ধ। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে সরকারের কার্যকর হস্তক্ষেপও দাবি করেন তিনি।
দেশের চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য সরকারি অব্যবস্থাপনাকে দায়ী করেন এনসিপির এই নেতা। পাশাপাশি তরুণ প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষায় মাদকমুক্ত সমাজ গড়ার ওপর গুরুত্ব দেন তিনি।
সারজিস আলম জানান, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এনসিপি পুরোদমে প্রস্তুতি নিচ্ছে। দলটি সাংগঠনিকভাবে নির্বাচনের জন্য কাজ করছে বলেও জানান তিনি।
অন্যদিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার অভিযোগ করেন, জুলাই সনদ নিয়ে সরকার প্রতারণার আশ্রয় নিচ্ছে। দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন না করা হলে বর্তমান সরকার তার মেয়াদ পূর্ণ করতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
১১৯ বার পড়া হয়েছে