কুমারখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ১:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের একটি বিলে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। বিলের পানিতে নৌকার ছুটে চলা, মাঝিদের প্রতিযোগিতা এবং তীরে হাজারো দর্শকের উচ্ছ্বাসে আয়োজনটি পরিণত হয় প্রাণবন্ত উৎসবে। গ্রামবাংলার হারিয়ে যেতে বসা লোকসংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন করা হয়।
বাংলার চিরায়ত লোকসংস্কৃতির অন্যতম অনুষঙ্গ নৌকা বাইচ। সেই ঐতিহ্যকে ধরে রাখতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বিলে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।
প্রতিযোগিতা ঘিরে বিলের চারপাশে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। পানিতে ছুটে চলা নৌকা, মাঝিদের প্রাণপণ চেষ্টা এবং তীরে অপেক্ষমাণ দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। নৌকা বাইচ দেখতে স্থানীয় বিভিন্ন বয়সী মানুষ সেখানে জড়ো হন।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদী।
নন্দলালপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউরুল হক খোকন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পান্টি ইউনিয়ন থেকে একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও কুমারখালী পৌরসভার মেয়র পদপ্রার্থী আতিকুর রহমান সবুজ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম, বিএনপি নেতা লালন শেখসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
নৌকা বাইচকে ঘিরে আয়োজকেরা বলেন, এটি শুধু একটি প্রতিযোগিতা নয়; বরং বাংলার গ্রামীণ জীবন ও লোকসংস্কৃতির সঙ্গে মানুষের সম্পর্কের একটি প্রতিচ্ছবি। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে স্থানীয় ঐতিহ্য তুলে ধরার সুযোগ তৈরি হয়।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই আয়োজনের মধ্য দিয়ে লোকসংস্কৃতি ও শেকড়ের সংস্কৃতিকে ধরে রাখার প্রত্যাশা স্থানীয়দের।
১৩৬ বার পড়া হয়েছে