সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জে জরিমানা : প্রতিমন্ত্রী
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ ৭:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎসের বিদ্যুৎ দিয়ে ব্যাটারিচালিত ই-রিকশা বা অটোরিকশা চার্জ দিলে জরিমানার বিধান করা হচ্ছে। একই সঙ্গে সৌরবিদ্যুৎ ব্যবহার না করলে এসব যানবাহনের নিবন্ধন ও নিবন্ধন নবায়ন করা হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার নিয়ে আয়োজিত পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, ব্যাটারিচালিত ই-রিকশাগুলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি করপোরেশন ও পৌরসভার মাধ্যমে নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। নিবন্ধনের ক্ষেত্রে শর্ত হিসেবে সৌরবিদ্যুৎ ব্যবহার করে এসব যানবাহনের ব্যাটারি চার্জ করার বিষয়টি রাখা হবে।
তিনি বলেন, সৌরবিদ্যুতের পরিবর্তে অন্য কোনো উৎসের বিদ্যুৎ দিয়ে ই-রিকশা চার্জ করা হলে সংশ্লিষ্ট যানবাহনের নিবন্ধন দেওয়া হবে না। নিবন্ধনের পর একই শর্ত ভঙ্গ করলে নবায়নও করা হবে না।
সৌরবিদ্যুতের বাইরে অন্য বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দেওয়ার ক্ষেত্রে জরিমানার ব্যবস্থাও আইনে রাখা হবে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। তাঁর ভাষ্য, এ ধরনের যানবাহনকে নির্ধারিত নিয়মের বাইরে চার্জ করলে আইন অনুযায়ী জরিমানা করা হবে।
এদিকে রাজধানীর যানজট কমানো ও ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করতে ঢাকাকে আটটি জোনে ভাগ করার পরিকল্পনার কথাও জানান মীর শাহে আলম। পরিকল্পনা অনুযায়ী, একটি জোনে নিবন্ধিত ই-রিকশা অন্য জোনে চলাচল করতে পারবে না।
পর্যায়ক্রমে দেশের ১৩টি সিটি করপোরেশনে এই ব্যবস্থা বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। এর মাধ্যমে ই-রিকশার চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি নগর এলাকায় যানজট ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, চলতি অর্থবছরের মধ্যেই পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে চায় সরকার। নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ হওয়ার পর ভোটের সময়সূচি নির্ধারণ করা হবে।
তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয়ের প্রাক্কলন রয়েছে। এই অর্থ চলতি অর্থবছরের বাজেটেই বরাদ্দ রাখা হয়েছে।
১৪১ বার পড়া হয়েছে