সিরাজগঞ্জে বিএনপি এমপি ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা, ভাঙচুর
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ৩:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় রায়গঞ্জের ধানগড়া এলাকায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপন সংক্রান্ত বৈঠককে কেন্দ্র করে এই সহিংসতার ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রায়গঞ্জ উপজেলায় একটি নতুন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা টিটিসি নির্মাণের সরকারি উদ্যোগ নেওয়া হয়েছে। এই ভবনটি ধানগড়া নাকি চান্দাইকোনা এলাকায় স্থাপন করা হবে, তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিভক্তি ও উত্তেজনা চলছিল। এই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে শনিবার বিকেলে ধানগড়া এলাকায় স্থানীয়দের সাথে বৈঠকে বসেন এমপি ভিপি আয়নুল হক।
বৈঠক চলাকালীন সময়ে টিটিসির স্থান নির্ধারণ নিয়ে উপস্থিত দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এমপি আয়নুল হক বৈঠক শেষ করে তার গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় ক্ষুব্ধ জনতা তার গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে, এতে গাড়ির পেছনের গ্লাস ও একটি ক্যামেরা ভেঙে যায়।
হামলার ঘটনার পর তাৎক্ষণিকভাবে এক ভিডিও বার্তায় এমপি আয়নুল হক অভিযোগ করেন, বৈঠকে জামায়াত-শিবির, এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হট্টগোল সৃষ্টি করে এবং চলে যাওয়ার সময় তার গাড়িতে হামলা চালায়। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
অন্যদিকে, গাড়ি ভাঙচুরের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে জামায়াতে ইসলামী। সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম এবং রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমির গোলাম মর্তুজা দাবি করেন, এটি বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের ফল। নিজেদের অভ্যন্তরীণ গ্রুপিং আড়াল করতেই জামায়াতের ওপর এই মিথ্যা দায় চাপানো হচ্ছে বলে তারা উল্লেখ করেন।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ও আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা বা কাউকে আটক করা সম্ভব হয়নি।
১৩০ বার পড়া হয়েছে