বাংলাদেশে ঢুকে আখ চুরি: পঞ্চগড়ে আটক ভারতীয় নাগরিককে পুলিশে দিলো বিজিবি
সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ১২:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড়ের সদর উপজেলায় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে আখ চুরি করতে এসে স্থানীয়দের হাতে আটক হন এক ভারতীয় নাগরিক। বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক শেষে রোববার তাকে পঞ্চগড় সদর থানায় সোপর্দ করা হয়েছে।
আটক দীপঙ্কর গোপ (৩৫) ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার তসরপাড়া এলাকার বাসিন্দা। তিনি তসরপাড়ার মিশ্রিপাল গোপের ছেলে এবং পেশায় একজন চা শ্রমিক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সকালে সদর উপজেলার বিরাজোত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে একটি আখ ক্ষেতে প্রবেশ করেন দীপঙ্কর। সেখানে আখ চুরি করার সময় স্থানীয় বাসিন্দারা তাকে হাতেনাতে ধরে ফেলে। এরপর তাকে স্থানীয় একটি গ্রামে আটকে রাখা হয়।
এ সময় উত্তেজিত বাসিন্দারা দাবি তোলেন, গত বুধবার সকালে সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি বৃদ্ধ তমিজ উদ্দিনকে (৭৮) ফেরত দিলে তবেই ভারতীয় নাগরিককে ছেড়ে দেওয়া হবে। এই দাবি নিয়ে পরবর্তীতে বিজিবি ও বিএসএফের মধ্যে মাগুরমারী সীমান্তে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিষয়টি সমাধান না হওয়ায় পরবর্তীতে স্থানীয়রা আটক ভারতীয় নাগরিককে বিজিবির হাতে তুলে দেয়। এরপর রোববার বিকেলে বিজিবি তাকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অনুপ্রবেশকারী ওই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা দায়ের করে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
১৩০ বার পড়া হয়েছে