এক বছর পর চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে চার ভারতীয় নাগরিককে ফেরত নিল ভারত
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ৫:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
প্রায় এক বছর আগে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশ-ইনের শিকার হওয়া শিশুসহ চার ভারতীয় নাগরিককে অবশেষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বুধবার বিকেলে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়।
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে বুধবার বিকেলে শিশুসহ চার ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। এ সময় রাজশাহীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পেয়ে চার ভারতীয় নাগরিক উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। ফেরত যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন শিশু, একজন কিশোর, একজন নারী এবং একজন যুবক রয়েছেন। তারা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার বাসিন্দা।
জানা গেছে, গত বছরের জুন মাসে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে এই চারজনসহ মোট ছয় ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইন করা হয়। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী গত বছরের ৫ ডিসেম্বর সোনালী বেগম ও তাঁর ছেলেকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
অন্য চারজনকে আইনি জটিলতা ও ভারতীয় কর্তৃপক্ষের প্রক্রিয়াগত বিলম্বের কারণে দীর্ঘ সময় বাংলাদেশে থাকতে হয়। আদালতের নির্দেশে তারা সাত মাসের বেশি সময় ধরে চাঁপাইনবাবগঞ্জে একজন জিম্মাদারের তত্ত্বাবধানে অবস্থান করেন।
পুশ-ইনের ঘটনার পর গত ২০ আগস্ট অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে জেলা পুলিশ তাদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে তাদের বিরুদ্ধে মামলা হলে তারা প্রায় তিন মাস কারাগারে ছিলেন। সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে অবশেষে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হলো।
১২৬ বার পড়া হয়েছে