কুয়াকাটায় ট্রলারডুবি: সাগরে ১২ ঘণ্টা মৃত্যুর লড়াই শেষে রক্ষা পেলেন ১২ জেলে
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ ১:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে আকস্মিক ঝড়ের কবলে পড়ে একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ১২ জন জেলে সাগরে প্রায় ১২ ঘণ্টা ভেসে থাকার পর অলৌকিকভাবে জীবিত উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছেন ২ জন।
বরগুনার তালতলীর নিদ্রা এলাকার বাসিন্দা দুলাল মাঝির মালিকানাধীন একটি মাছধরা ট্রলার গভীর সাগর থেকে মহিপুর মৎস্য বন্দরের দিকে ফিরছিল। মঙ্গলবার বিকেলে আকস্মিক বৈরী আবহাওয়ার সৃষ্টি হলে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে উল্টে যায়।
উদ্ধার হওয়া জেলেরা জানান, ট্রলারটি উল্টে যাওয়ার সময় কালাম (৫৫) ও শহীদ (৫৭) নামের দুই জেলে কেবিনের ভেতরে আটকা পড়ায় মুহূর্তের মধ্যে তলিয়ে যান। ট্রলারে থাকা মাঝিসহ অপর ১২ জন জেলে কোনো উপায় না পেয়ে উত্তাল সাগরের বুকেই ভেসে থাকতে বাধ্য হন।
দীর্ঘ প্রায় ১২ ঘণ্টা যমদূতের সঙ্গে লড়াই করার পর, বুধবার ভোরে ওই পথ দিয়ে যাওয়া অন্য একটি ট্রলারের জেলেরা তাদের ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন। উদ্ধার হওয়া জেলেদের মধ্যে রয়েছেন দুলাল মাঝি, কামাল, মনির, ইমরান, জামাল ও শামীমসহ মোট ১২ জন।
এদিকে নিখোঁজ দুই জেলের পরিবারে এখন চলছে শোকের মাতম। নিখোঁজদের উদ্ধারে স্থানীয় জেলেদের কয়েকটি দল সাগরে তল্লাশি চালালেও সাগর উত্তাল থাকায় উদ্ধারকাজ চরমভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত কোস্টগার্ড ও নৌবাহিনীর জোরদার হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্বজনরা।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুজ্জামান ও উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানিয়েছেন, নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
১১৪ বার পড়া হয়েছে