নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে নালা থেকে অবিস্ফোরিত মর্টার উদ্ধার
শনিবার, ৪ জুলাই, ২০২৬ ১১:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তসংলগ্ন ভবানীপুর এলাকায় একটি নালা থেকে অবিস্ফোরিত ৬০ মিলিমিটার মর্টার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সকালে স্থানীয় শিশুদের নজরে আসার পর বিজিবিকে খবর দেওয়া হয়। পরে গোলাটি উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা হয়েছে। বিশেষজ্ঞ দল এসে এটি নিষ্ক্রিয় করবে বলে জানিয়েছে বিজিবি।
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ভবানীপুর সীমান্ত এলাকায় একটি নালা থেকে অবিস্ফোরিত ৬০ মিলিমিটার মর্টার উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ জুলাই) সকালে উপজেলার ভবানীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।
নেত্রকোনা ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত পিলার ১১৫৫/১০-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভবানীপুর গ্রামের কয়েকজন শিশু একটি নালায় মাছ ধরছিল। এ সময় তারা কাদার মধ্যে একটি সন্দেহজনক বস্তু দেখতে পায়।
পরে স্থানীয় বাসিন্দা মো. চদর উদ্দিনের ছেলে সেটি বাড়ির কাছাকাছি একটি স্থানে রেখে ভবানীপুর বিওপির কমান্ডারকে বিষয়টি জানান। খবর পেয়ে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সেটিকে ৬০ মিলিমিটার মর্টারের একটি অবিস্ফোরিত গোলা হিসেবে শনাক্ত করেন এবং উদ্ধার করেন।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মর্টারটি বর্তমানে নিরাপদ স্থানে রাখা হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে এলাকাটি ঘিরে রাখা হয়েছে। বিশেষজ্ঞ দল এসে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে গোলাটি নিষ্ক্রিয় করবে।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও তদন্ত করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় তথ্য জানানো হবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
১১৮ বার পড়া হয়েছে