যশোরের বেনাপোল সীমান্তে বজ্রপাতে দুই বিজিবি সদস্যসহ আহত ৫
শুক্রবার, ২৬ জুন, ২০২৬ ৫:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রপাতে দুই বিজিবি সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন বিজিবি সদস্যকে উন্নত চিকিৎসার জন্য যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।
যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্ত এলাকায় বজ্রপাতে দুই বিজিবি সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে সীমান্ত এলাকায় দায়িত্ব পালন ও টহল কার্যক্রম চলাকালে এ ঘটনা ঘটে।
আহত বিজিবি সদস্যরা হলেন ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সিপাহি শফিউল আলম ও সিপাহি সাজেদুর রহমান। একই ঘটনায় আরও তিনজন বেসামরিক ব্যক্তি আহত হন।
স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, বিকেলে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। এরপর প্রবল বৃষ্টি ও ঘন ঘন বজ্রপাত শুরু হলে সীমান্ত এলাকায় টহলরত সদস্য ও আশপাশে অবস্থানরত কয়েকজন ব্যক্তি বজ্রপাতে আহত হন।
বজ্রপাতের পরপরই সহকর্মীরা আহতদের উদ্ধার করে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে আহত বিজিবি সদস্য শফিউল আলমের অবস্থার উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাঁকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।
ঘটনার খবর পেয়ে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি। তিনি আহত সদস্যদের চিকিৎসার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করেন।
লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, দায়িত্ব পালনকালে আহত দুই সদস্যের চিকিৎসা নিশ্চিত করতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আহতদের সার্বিক অবস্থার ওপর নজর রাখা হচ্ছে।
ঘটনার পর সীমান্ত এলাকায় দায়িত্ব পালনরত সদস্যদের জন্য আবহাওয়া–সংক্রান্ত সতর্কতামূলক নির্দেশনা আরও জোরদার করা হয়েছে। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
১১৬ বার পড়া হয়েছে